[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

নির্যাতনে জর্জরিত শিশু সোহা মনি, পলাতক সৎ মা

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ১০:৩১ পিএম

সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ শিশু সোহা

কিশোরগঞ্জের কটিয়াদীতে সৎ মায়ের নির্মম নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে সোহা মনি (৩) নামের এক শিশু।

শরীরজুড়ে আঘাতের চিহ্ন নিয়ে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার লোহাজুরী ইউনিয়নের উত্তর চটান এলাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সৎ মা মরিয়ম শিশুটির ওপর ভয়াবহ শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নির্যাতনের শিকার শিশুটি কাতরাচ্ছে এবং তার শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।


জানা গেছে, সোহা মনির বাবা সাইফুল ইসলাম। শিশুটির জন্মদাত্রী মা প্রায় আট মাস আগে সংসার ছেড়ে চলে যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। বড় মেয়ে নানাবাড়িতে থাকলেও ছোট মেয়ে সোহা বাবার সঙ্গেই থাকত।


শিশুটির বাবা জানান, সেদিন রাতে বৃষ্টির কারণে বাড়ি ফিরতে দেরি হয় তার। ফিরে এসে তিনি মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান এবং শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করেন। এ বিষয়ে প্রতিবাদ করলে তার স্ত্রী পালিয়ে যায়। পরে তিনি কটিয়াদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।


বর্তমানে শিশুটিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় জনপ্রতিনিধিরা এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।

শিগগিরই মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

এসআর

সম্পর্কিত খবর