কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকায় ছুরিকাঘাতে খোরশেদ আলম (২৬) নামে এক ‘জুলাই যোদ্ধা’ ও ছাত্র সমন্বয়ক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক নারী সহযাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত খোরশেদের ওপর আকস্মিক হামলা চালায়।
হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার আঘাত করা হলে তিনি গুরুতর জখম হন। পরে সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পেট ও পায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতাল এলাকায় ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাটি ঘিরে প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: