[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

মাত্র ৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাতে চায়ের দোকানির মৃত্যু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ১:৩৬ এএম

সংগৃহীত ছবি

খুলনার রূপসা উপজেলায় মাত্র ৪০০ টাকা বকেয়া পাওনাকে কেন্দ্র করে সংঘর্ষে দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) নামে এক চা-দোকানির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ একই এলাকার আবুল কাশেম ঢালীর ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘাটভোগ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল খায়ের লস্করের কাছে দ্বীন মোহাম্মদের কিছু টাকা বকেয়া ছিল।

ওই টাকা আদায় করতে বিকেলে তিনি চা-দোকানে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিরোধের একপর্যায়ে আবুল খায়ের লস্কর ইট দিয়ে দ্বীন মোহাম্মদের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে। পরে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।


আহত দ্বীন মোহাম্মদকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, প্রাথমিকভাবে বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর