[email protected] বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২০ ফাল্গুন ১৪৩২

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ১:২২ এএম

সংগৃহীত ছবি

খুলনা নগরীতে মাসুম বিল্লাহ (৪০) নামে এক শ্রমিক দল নেতাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর ব্যস্ত এলাকা ডাকবাংলো মোড়ের একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম।


পুলিশ জানায়, মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা এবং মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

এছাড়া তিনি নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ছোট ভাই।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ৯টার দিকে মাসুম বিল্লাহ ডাকবাংলো মোড়ে অবস্থান করছিলেন। এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত সটকে পড়ে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন ও পুলিশ ধাওয়া দিয়ে অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে একটি বিদেশি পিস্তলসহ আটক করে।


গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশের দাবি, আটক অশোক ঘোষ তালিকাভুক্ত ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সদস্য।

হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল ডাকবাংলো মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও চেকপোস্ট বসানো হয়েছে।


উল্লেখ্য, নিহতের বড় ভাই মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালের ৩০ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর