সাতক্ষীরার শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের আওতায় বুধবার (৬ মে) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই সংলাপ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। সভাপতিত্ব করেন শিক্ষক রণজিৎ কুমার বর্মণ। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।
সংলাপে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এর মধ্যে উপজেলা সমাজসেবা, প্রাণিসম্পদ, মৎস্য, যুব উন্নয়ন, শিক্ষা দপ্তরসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ান স্টপ ক্রাইসিস সেল, বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিক এবং উপকূলীয় এলাকার সুবিধাভোগীরাও অংশগ্রহণ করেন।
সংলাপে অংশ নিয়ে উপকারভোগীরা নানা সমস্যার কথা তুলে ধরেন। সুদিপ্তা মণ্ডল বলেন, লবণাক্ত পানিতে কাজ করা নারী শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি থাকলেও কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া যায় না।
সেখানে নিয়মিত চিকিৎসক নিয়োগের দাবি জানান তিনি।
খোকন চন্দ্র হালদার কর্মক্ষেত্রে নারীদের জন্য স্যানিটেশন ব্যবস্থার অভাবের কথা উল্লেখ করেন।
পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু বিষয়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
গাবুরা ইউনিয়নের জেবুন্নেছা দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রগুলো নারীবান্ধব না হওয়ায় ভোগান্তির কথা জানান এবং সেগুলোকে নারীবান্ধব করার দাবি জানান।
এ সময় ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার প্রণব কুমার বিশ্বাস ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু কমিটি গঠনের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস নারীর ক্ষমতায়নে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের সমস্যার সমাধানে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা।
এসআর