কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে থানা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে জনগণের মতামত সংগ্রহ এবং যৌথ উদ্যোগ জোরদার করা।
এতে বক্তারা মাদককে সমাজের জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলিপ, বিএনপি নেতা শফিকুর রহমান বাদল ও মিজানুর রহমান স্বপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, অপরাধ দমনে দলীয় পরিচয় নয়, আইনের শাসনই হতে হবে প্রধান ভিত্তি। যে কোনো অপরাধীকে তার অবস্থান নির্বিশেষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে ওসি মো. রফিকুল ইসলাম জানান, থানার আওতায় কোনো অপরাধী ছাড় পাবে না। তিনি বলেন, ন্যায় ও সত্যের পথে থেকেই সকল ধরনের অপরাধ দমনে পুলিশ কাজ করে যাবে।
অনুষ্ঠানে সাধারণ মানুষ সরাসরি মাদক, চুরি, ছিনতাই ও কিশোর অপরাধ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরেন.।
পুলিশ কর্মকর্তারা এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগ চালু রাখার প্রতিশ্রুতি দেন।
এসআর