[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

বীরগঞ্জে আদিবাসী কবরস্থান ও কালী মন্দিরে ভাঙচুর, সংঘর্ষে আহত ২

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ৯:৫১ পিএম

সংগৃহীত ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে আদিবাসী কবরস্থানের গাছ কাটা ও শ্মশান কালী মন্দিরে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় তীরবিদ্ধসহ দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে পাল্টাপুর ইউনিয়নের সনকা খ্রিস্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ঘোড়াবান্দ গ্রামের কয়েকজনের নেতৃত্বে বিপুল সংখ্যক লোকজন কবরস্থানের জমিতে গাছ কাটতে আসে।

এ সময় তারা পাশের শ্মশান কালী মন্দিরে ভাঙচুর চালায় এবং প্রতিমা ক্ষতিগ্রস্ত করে কাছের একটি ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।


স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সরকারি খাস জমির ওই অংশ ভোগদখলে রেখে আসছেন। তবে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।


ঘটনার সময় এলাকাবাসী বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বিশ্বনাথ নামে এক যুবক বুকে তীরবিদ্ধ হন। এছাড়া আরও একজন আহত হন। আহতদের দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


অভিযোগ রয়েছে, হামলাকারীরা একটি বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগেরও চেষ্টা করে। তবে এ বিষয়ে বিস্তারিত যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।


খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাছ কাটার সরঞ্জাম জব্দ করে।


এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করেছেন।

তিনি বলেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এসআর

সম্পর্কিত খবর