লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
এতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে কয়েকটি মিষ্টির দোকানে বিএসটিআইয়ের অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
একই সঙ্গে হেলমেট ব্যবহার না করা, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন না থাকার মতো সড়ক আইন লঙ্ঘনের ঘটনাতেও জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
এসআর