[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

প্রমি হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ৬:৪৭ পিএম

সংগৃহীত ছবি

নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমির হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যৌতুক হিসেবে ৭ লাখ টাকা দাবিকে কেন্দ্র করে গত ৯ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার মুরাদপুর শহীদনগর এলাকার একটি ভাড়া বাসায় প্রমিকে হত্যা করা হয়। এ ঘটনার পর সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।


বক্তারা অবিলম্বে প্রমির স্বামী আনাস, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।


মানববন্ধনে নিহতের বোন সাজেদা আক্তার অভিযোগ করেন, মামলার তদন্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সহযোগিতা করছেন না। বরং অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।


চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের সভাপতি মোহাম্মদ হোসেন নয়নের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন পূর্ব শহীদনগরের একটি বাসা থেকে প্রমির মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্ত শেষে ১১ এপ্রিল তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের ঝাটিয়ারখিল এলাকায় দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে স্বামীসহ চারজনকে আসামি করে বায়েজিদ থানায় মামলা দায়ের করেছেন।

এসআর

সম্পর্কিত খবর