[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

নাচোলে খরিপ মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার বিতরণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ৬:৩৯ পিএম

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় খরিপ-১ মৌসুমকে সামনে রেখে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামসহ কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের আওতায় প্রায় সাড়ে পাঁচ হাজার কৃষককে এ সহায়তা প্রদান করা হচ্ছে। আউশ ধান, মুগ, পাট ও তিলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের নির্ধারিত পরিমাণ আউশ ধানের বীজ, ডিএপি ও এমওপি সার দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচিত কৃষকদের মাঝে মুগ, পাট ও তিলের বীজ ও প্রয়োজনীয় সারও সরবরাহ করা হচ্ছে।


এছাড়া বীজ সংরক্ষণের সুবিধার্থে কয়েকজন কৃষকের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি এই সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

এসআর

সম্পর্কিত খবর