[email protected] বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

কটিয়াদীতে বৃত্তি পরীক্ষা চলাকালে দীর্ঘ লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থী ও অভিভাবকরা

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ৭:৫৫ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পরীক্ষার সময় দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তির মুখে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দুটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টা ৩০ মিনিটে শেষ হয়। পরীক্ষার কিছুক্ষণ পরই আকস্মিক লোডশেডিং দেখা দিলে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় পরীক্ষার্থীদের। তীব্র গরমে শিক্ষার্থীরা অস্বস্তিতে পড়ে এবং কেন্দ্রের বাইরে অবস্থান করা অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে কটিয়াদী জোনাল অফিসের উপমহাপরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছিল। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয় বলে তিনি জানান।
উপজেলার দুইটি কেন্দ্রে মোট ১,৩৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে কটিয়াদী সরকারি কলেজ কেন্দ্রে ৬৪৫ জনের মধ্যে ২৭৩ জন এবং কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০৩ জনের মধ্যে ২৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত কক্ষ, দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং নিয়মিত মনিটরিং করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ছাড়া পরীক্ষাটি মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর