সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে ধান শুকানোর খলা তৈরি
করাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত হয়, যাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা সারদ আলী ও সুজন মিয়ার লোকজনের মধ্যে ধান শুকানোর খলা বানানো নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ৯ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মূলক মিয়া (৫০), সুজন মিয়া (৪৫), আব্দুর রাজ্জাক (৩০), আলমগীর হোসেন (৩২), ভোজন মিয়া (৪০), আব্দুল কাইয়ুম (৩৫), আলিফ নূর (৩৮), মুক্তাদির (১৯) ও ইয়াসিন মিয়া (১৪)। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসআর