রাজবাড়ীর পাংশা উপজেলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পাংশা মডেল থানা-এর অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
অভিযান চলাকালে বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালের পাড় এলাকা থেকে জিহাদ মন্ডল (২১), আনিচ মন্ডল (২৫), শামীম শেখ (১৯), মিরাজুল ইসলাম (৩২) ও শাওন সরদার (২১) নামের পাঁচজনকে আটক করা হয়।
তবে এ সময় তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটককৃতরা সবাই একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাদেরসহ পলাতকদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
এসআর