[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

কুষ্টিয়ায় উত্তেজনার জেরে কথিত পীরের মৃত্যু, ভাঙচুর ও আগুনের ঘটনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ৮:৪৮ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এক ব্যক্তিকে ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনার পর তার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।।

এতে গুরুতর আহত ওই ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে ‘পীর’ হিসেবে পরিচিত ছিলেন, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


শনিবার (১১ এপ্রিল) বিকেলে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এর আগে সকালে তার আস্তানাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শামীম রেজা (জাহাঙ্গীর) নামের ওই ব্যক্তি এলাকায় একটি আস্তানা গড়ে তুলে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছিলেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু বক্তব্য ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।


এ পরিস্থিতিতে শনিবার সকালে একদল ক্ষুব্ধ মানুষ তার আস্তানায় হামলা চালায়। ভাঙচুর ও আগুন দেওয়ার পাশাপাশি তাকে ও তার কয়েকজন অনুসারীকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে বিকেলে তিনি মারা যান।


দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালে আনার পর তার অবস্থা আশঙ্কাজনক ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


অন্যদিকে, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অতীতেও তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর