[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

ইটভাটায় মাটি সরবরাহে সক্রিয় চক্র, নাচোলে চারজনকে জরিমানা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ১২:৫০ এএম

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষিজমির উর্বর মাটি কেটে অবৈধভাবে ইটভাটায় সরবরাহের অভিযোগে চারজনকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত চারটি যানবাহনও জব্দ করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নাচোল সদর ইউনিয়নের খেসবা লাইপাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, “সাথী ভাটা” নামে একটি ইটভাটায় মাটি সরবরাহের জন্য একটি চক্র দীর্ঘদিন ধরে আশপাশের কৃষিজমির উপরিভাগ কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। এতে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, কৃষিজমির উর্বর মাটি অপসারণ পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


স্থানীয়দের মতে, নির্বিচারে মাটি কাটার ফলে ফসলি জমির উৎপাদনশীলতা কমে যাচ্ছে, যা ভবিষ্যতে কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এসআর

সম্পর্কিত খবর