গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে রেজওয়ান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মহেশপুর গ্রামের আরিফ মুন্সি, গৃধারীপুরের কাওসার, সুইগ্রামের জাহিদ এবং সিহাব নামে আরেক যুবক।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল থেকেই তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের দীর্ঘ লাইন ছিল। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে কয়েকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় রেজওয়ান নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে চারজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কাওসারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত রেজওয়ানকে আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআর