নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট (উচ্ছিষ্ট কাপড়) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে।
এতে রাকিব (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং রফিক নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ডসল্যান্ড গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়া পক্ষগুলোর সদস্যরা গুলি ছোড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন হয় যে, আশপাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ হন স্থানীয় এক বিএনপি নেতার ছেলে রাকিব। এছাড়া আরও একজন গুরুতর আহত হন। সংঘর্ষের সময় পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, ঝুট ব্যবসা কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে অতীতেও কয়েকটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসআর