মানিকগঞ্জের শিবালয়ে আওয়ামী লীগ নেতা রহিম খানের মালিকানাধীন 'রুমি ফিলিং স্টেশন' থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল
পাচারকালে ট্যাংক লরিসহ জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরংগাঈল এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেলসহ লরিটি আটক করা হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ ডিপো থেকে আসা ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানির মধ্যে ৯ হাজার লিটার ডিজেল পাম্পে খালাস করা হলেও বাকি পেট্রোল গোপনে যমুনা ডিলারের গুদামে সরিয়ে নেওয়া হচ্ছিল।
গোয়েন্দা তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে পুঁজি করে পাম্প কর্তৃপক্ষ কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ গ্রাহকদের কাছে তেল বিক্রি বন্ধ রেখেছিল।
অভিযোগ রয়েছে, এই পেট্রোল চড়া দামে যমুনা ডিলারের কাছে বিক্রি করা হতো, যা পরবর্তীতে খুচরা বাজারে ১৮০ থেকে ২২০ টাকা লিটার দরে বিক্রি হতো।
এনএসআই সদস্যরা হাতেনাতে প্রমাণ পেলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ব্যবস্থা দৃশ্যমান হয়নি।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এসআর