যশোর শহরের নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে গোডাউনের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: মেসার্স নওয়াব আলী গোডাউন।
জব্দকৃত তেলের পরিমাণ: মোট ৪৩ হাজার ৪৪ লিটার (২১১ ব্যারেল)।
সয়াবিন তেল: ৮১ ব্যারেল।
পামওয়েল: ৯০ ব্যারেল।
সুপার ওয়েল: ৪০ ব্যারেল।
বাজারমূল্য: জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা।
জরিমানার পরিমাণ: নগদ ৫০ হাজার টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল মজুত ছিল। তিনি উল্লেখ করেন যে, অধিক মুনাফার আশায় এবং তেলের বাজার অস্থির করার উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ তেল মজুত করা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জব্দকৃত তেল দ্রুততম সময়ের মধ্যে বাজারে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও দপ্তর থেকে জানানো হয়েছে।
এসআর