যশোর শহরে দুই কন্যাশিশুকে রেখে নিখোঁজ হয়েছেন এক গৃহবধূ।
ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জুহি (৫) ও রোজা (৩) নামে দুই শিশুকে রেখে তাদের মা সানজিদা গত ৭ এপ্রিল ভোরের পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তিনি ঘর থেকে বের হওয়ার সময় নগদ প্রায় ৭৫ হাজার টাকা সঙ্গে নিয়ে যান।
শিশুদের বাবা সোহান (৩৮) জানান, হঠাৎ করে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন।
তিনি বলেন, একদিকে দুই ছোট সন্তানকে দেখাশোনা, অন্যদিকে জীবিকা—সব মিলিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ইজিবাইক কেনার জন্য জমানো অর্থও নিয়ে যাওয়ায় আর্থিক সংকটও বেড়েছে বলে জানান তিনি।
সোহান যশোর শহরের পালবাড়ি বিশ্বাসপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। ঘটনার পর তিনি সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে গেলেও বাড়িটি তালাবদ্ধ পান। ফোনে যোগাযোগ করলে শাশুড়ি জানান, মেয়ের অবস্থান সম্পর্কে তিনি অবগত নন এবং শিশুদের দায়িত্ব নেওয়াও তার পক্ষে সম্ভব নয়।
পরে দুই সন্তানকে নিয়ে সোহান যশোর প্রেসক্লাবে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেন। এ সময় ছোট দুই শিশু পরিস্থিতির গুরুত্ব না বুঝে স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল।
বর্তমানে শিশু দুটিকে নিয়ে সোহান নিজ বাসায় ফিরে গেছেন। এ ঘটনায় পরিবারটি মানসিক ও আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।
এসআর