লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) ভোরের দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি এলাকার পানিয়ার টারি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকারই বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গভীর রাতে দুই দফায় গুলির শব্দ শোনা যায়।
রাত ২টা ৫০ মিনিট এবং ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এ গুলির ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘটনার পর সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ হয়।
বিএসএফের দাবি, কয়েকজন বাংলাদেশি সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে ভারতের একটি হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এসআর