[email protected] রবিবার, ৫ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

গোপালপুরে বৈরাণ সেতু নির্মাণে ৪.৫ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ৯:২৭ পিএম

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকায় জরাজীর্ণ বৈরাণ সেতু পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার সকালে তিনি সেতুটির বর্তমান অবস্থা সরেজমিনে দেখতে হাট বৈরাণ মহল্লায় যান এবং বৈরাণ নদের দুই পাড় ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।


সেতুটি ঘুরে দেখে প্রতিমন্ত্রী লক্ষ্য করেন, এর পাটাতনে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং বিম, উইংওয়াল ও অ্যাবাটমেন্টে ফাটল দেখা দিয়েছে। এতে যেকোনো সময় সেতুটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।


এ বিষয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সেতুটির দুরবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমের মাধ্যমে অবগত হয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে নতুন সেতু নির্মাণে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি আধা কিলোমিটার সংযোগ সড়কও পাকা করা হবে।


তিনি আরও জানান, প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে।


পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাট বৈরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেখানে তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।


এদিকে স্থানীয়রা দ্রুত নতুন সেতুর কাজ শুরু করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর