[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

ফেসবুক লাইভে বিষপান: ঝালকাঠিতে পিতা ও দুই শিশু হাসপাতালে

ঝালকাঠি জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ১১:১২ পিএম

সংগৃহীত ছবি

ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এক ব্যক্তি নিজের সঙ্গে তার দুই শিশুপুত্রকে বিষপান করানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তি ও তার দুই সন্তানকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


স্থানীয় সূত্র জানায়, রাকিব নামের ওই ব্যক্তি লাইভে এসে ‘সাগর’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি নিজের হতাশা ও ব্যক্তিগত কষ্টের কথা বলেন এবং এক পর্যায়ে বিষপানের ইঙ্গিত দেন।


প্রতিবেশী জুয়েল, যিনি সম্পর্কে তার চাচা, জানান—মাগরিবের আগে রাকিবের ঘর থেকে চিৎকার শুনে তারা দ্রুত সেখানে যান।

গিয়ে দেখেন রাকিব ও তার দুই সন্তান নিবীড় ও আবির অসুস্থ অবস্থায় ছটফট করছে। ঘরে বিষের তীব্র গন্ধ পাওয়া গেলে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


তিনি আরও জানান, লাইভে উল্লেখ করা ‘সাগর’ নামে কাউকে তিনি চেনেন না এবং রাকিবের সঙ্গে এমন কোনো ব্যক্তির পরিচয় আগে জানা ছিল না। ঘটনার সময় রাকিবের স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না বলেও জানা গেছে।


এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনাটি তাদের নজরে রয়েছে।

লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ এবং ‘সাগর’ নামে উল্লেখিত ব্যক্তির পরিচয় খুঁজে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর