[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৯:২৯ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে কর্মরত এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে টিকা প্রদানকালে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।


এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য বিভাগ দ্রুত পদক্ষেপ নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার (৩০ মার্চ) রাতে এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।


তদন্ত কমিটির প্রধান করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন (এমওডিসি) ডা. ফারজানা জামান পুনমকে। কমিটির অন্য সদস্যরা হলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. আবুল কালাম ইলিয়াস এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজমুন্নাহার।


অফিস আদেশে উল্লেখ করা হয়, ৩০ মার্চ বিকেলে ইপিআই কার্যক্রম চলাকালে ওই স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন এক কর্মদিবসের মধ্যে দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে কর্তৃপক্ষের নজরে এলে তদন্তের জন্য আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর