[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

এরণ বিলে জলাবদ্ধতা, সেলু মেশিনে পানি সরাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৯:১৫ পিএম

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশ দিয়ে প্রবাহিত এরণ বিলে জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

প্রায় সাড়ে ৩০০ একর ফসলি জমি পানির নিচে থাকায় ধান চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত বৃষ্টির পানি বের হওয়ার পথ না থাকায় দীর্ঘদিন ধরে বিলে পানি জমে রয়েছে। এতে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।


এই পরিস্থিতিতে কৃষক ও এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে প্রায় ২০টি সেলু মেশিন ব্যবহার করে পানি নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছেন। দিন-রাত পরিশ্রম করে তারা ফসল রক্ষার চেষ্টা করছেন।
কৃষকদের অভিযোগ, আগে এরণ বিলের পানি পাশের খাল দিয়ে মনাই নদীতে প্রবাহিত হতো। কিন্তু যোগাযোগ সুবিধার জন্য সেই খাল ভরাট করে দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। এর ফলেই সৃষ্টি হয়েছে বর্তমান জলাবদ্ধতা।


তারা বলেন, আপাতত নিজ উদ্যোগে পানি সরানো গেলেও স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে একই সমস্যা আবার দেখা দেবে। এজন্য দ্রুত খাল পুনঃখনন এবং প্রয়োজনীয় স্থানে সেতু বা কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন তারা।


স্থানীয় কৃষকরা এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা সমাধান করা যায় এবং ফসলি জমি রক্ষা পায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর