ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় এক ব্যক্তি ও তার তিন ছেলে গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।
গত ২৪ মার্চ বিকেলে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—আবুল কাশেম ফকির (৫৫) এবং তার ছেলে জাহাঙ্গীর আলম (২৮), জাকির (২২) ও শাকিল (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে আকস্মিক হামলা চালায়। এতে চারজনই মারাত্মকভাবে জখম হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবুল কাশেম ফকির ও জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ২৬ মার্চ জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন বকুল ভূঞা, তফাজ্জল, আশিক, কাউসার, মামুন, হুমায়ূন ফকির, সেলিম ফকির ও তৈয়ব আলী ফকির।
অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় প্রধান অভিযুক্ত বকুল ভূঞার দোকান থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আহতদের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
তবে অভিযুক্ত বকুল ভূঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানিয়েছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: