ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকায় সাম্প্রতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাসিরনগর উপজেলা শাখা।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুরে নাসিরনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা দাবি করেন, গত ২৪ মার্চের সংঘর্ষে বিএনপির সম্পৃক্ততার যে অভিযোগ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়ালনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ ও দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এর সঙ্গে বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করেন।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিদেশে পাঠানোর প্রলোভনে কয়েকজন যুবককে লিবিয়ায় পাচারের ঘটনায় একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাদের অভিযোগ, মানবপাচারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ এবং অর্থ লেনদেনের জটিলতা থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। সর্বশেষ ২৪ মার্চের ঘটনায় তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন বলে তারা জানান।
এ ঘটনার পর দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন আদালতে মামলা করা হয়েছে।
এর মধ্যে আরমান মিয়া ও ফরহাদ মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়।
আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় এবং পরে তাদের আটক করা হয়। বর্তমানে প্রধান আসামি আরমান মিয়া কারাগারে রয়েছেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা পুনরায় জোর দিয়ে বলেন, এ ঘটনায় নাসিরনগর উপজেলা বিএনপি কিংবা স্থানীয় কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা নেই। তারা গণমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানান।
লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: