মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
এরপর সকাল ৭টার দিকে কটিয়াদী কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিশু-কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
পাশাপাশি স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসআর
মন্তব্য করুন: