[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১২ চৈত্র ১৪৩২

পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ৬:৫৭ পিএম

এনায়েতুল করিম

দিনাজপুরের কাহারোল উপজেলায় পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার আসমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জ্বালানি তেলের সংকটের কারণে মোটরসাইকেলে তেল নিতে এসে তিনি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মকলেমা সরকার মেঘা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


নিহত এনায়েতুল করিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দোলুয়া বাজার সংলগ্ন প্রাণনগর সাহাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোজাম্মেল হক মাস্টারের বড় ছেলে এবং দুই সন্তানের জনক।


নিহতের চাচাতো ভাই মাহামুদুল হাসান জানান, এনায়েতুল করিম ব্রাহ্মণবাড়িয়ায় একটি কীটনাশক কোম্পানিতে কর্মরত ছিলেন। ঈদের দাওয়াতে অংশ নিতে তিনি কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।


কাহারোল থানার ওসি (তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর