ঠাকুরগাঁও জেলায় গত তিন সপ্তাহ ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও মোটরসাইকেল চালকরা। জেলার
অধিকাংশ ফিলিং স্টেশনে ‘তেল নেই’ সংবলিত নোটিশ ঝুললেও স্থানীয় হাট-বাজারগুলোতে সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি মূল্যে প্রকাশ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি হতে দেখা যাচ্ছে।
যেখানে প্রতি লিটার পেট্রোলের নির্ধারিত দাম ১১৬ টাকা, সেখানে সেনিহারী বাজারে ৩৫০ টাকা, ঢোলারহাটে ৩১০ টাকা এবং অন্যান্য বাজারে ২৫০ থেকে ৩২০ টাকা পর্যন্ত দরে তেল বিক্রি হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা, যা নিয়ে কোথাও কোথাও সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পাম্পে সরবরাহ বন্ধ রেখে গোপনে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রি করছে, যার ফলে সেচ মৌসুমে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সম্প্রতি শহরের একটি পাম্পে তেল মজুত রেখে গ্রাহকদের না দেওয়ার অভিযোগে প্রশাসন ৫০ হাজার টাকা জরিমানা করলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানিয়েছেন, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে অভিযান চালানো হচ্ছে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: