কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে গুলিবিদ্ধ হয়েছেন চারজন এবং আহত হয়েছেন অন্তত আরও ছয়জন।
রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ইয়ারুল গ্রুপ ও রাশু মেম্বার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ বিরোধের জেরে বিকেলে একটি চায়ের দোকানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় গুলিবিদ্ধ চারজনই রাশু মেম্বার গ্রুপের সমর্থক। তারা হলেন আজম শেখ (৫৪), রাব্বি (২২), সারুখ (২০) ও জনি (২১)। এছাড়া সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন।
আহতদের প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতরদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের মতে, গুলিবিদ্ধদের মধ্যে রাব্বির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: