[email protected] শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২

লঞ্চের ধাক্কায় প্রাণ গেল ছেলে, নিখোঁজ বাবা- ঈদের আনন্দ শোকে স্তব্ধ পুরো গ্রাম

বরিশাল জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ৪:৩২ পিএম

সংগৃহীত ছবি

ঈদকে সামনে রেখে যেখানে থাকার কথা ছিল আনন্দ-উৎসব, সেখানে নেমে এসেছে শোকের ছায়া।

রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সোহেল ফকির, আর তার বাবা মিরাজ ফকির এখনও নিখোঁজ। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোক, অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

জানা যায়, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুরা ইউনিয়নের চরকাটা গ্রামের বাসিন্দা সোহেল ফকির স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় ছিলেন। ঈদ উদযাপন করতে বুধবার বিকেলে বাবাসহ তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।


দুর্ঘটনার পর বৃহস্পতিবার সকালে সোহেলের মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে আনা হয়।

এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে আগের রাত থেকেই বাড়িতে ভিড় করেন গ্রামবাসী। পরে জোহরের নামাজের পর স্থানীয় নুর মোহাম্মদ মৃধা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


অন্যদিকে, নিখোঁজ রয়েছেন সোহেলের বাবা মিরাজ ফকির। এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনায় গুরুতর আহত সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তারা সদরঘাটে পৌঁছে একটি ট্রলার থেকে লঞ্চে উঠছিলেন। এ সময় অন্য একটি লঞ্চ ধাক্কা দিলে সোহেল ঘটনাস্থলেই মারা যান।

তার বাবা নদীতে পড়ে নিখোঁজ হন এবং স্ত্রী গুরুতর আহত হন।
এই দুর্ঘটনায় উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে।

ঈদের আনন্দের বদলে শোক আর দুশ্চিন্তাই এখন তাদের নিত্যসঙ্গী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর