চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় এ ঘটনা ঘটে।
ঘটনায় আহত মোহাম্মদ মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন পটিয়া উপজেলার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইউনুস (৫২) এবং বোয়ালখালী উপজেলার পাচুরিয়া এলাকার সোলাইমান। তারা ভবনের চতুর্থ তলায় অবস্থিত একটি টেইলার্স দোকানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই টেইলার্স দোকান থেকেই আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পাশের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার আগে এলাকায় বিদ্যুৎ ছিল না; বিদ্যুৎ ফিরে আসার পরপরই আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে তারা। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চমেক হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানায়, গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে টেরিবাজার ব্যবসায়ী সমিতির দাবি, যে দোকানে আগুন লাগে সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার প্রস্তুতি চলছিল এবং সেখানে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা নগদ অর্থ ছিল।
উল্লেখ্য, কে বি অর্কিড প্লাজার নিচের অংশে শপিংমল এবং উপরের তলাগুলোতে আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে জুয়েলারি, ব্যাংকের শাখা ও টেইলার্সসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়।
এসআর
মন্তব্য করুন: