পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বিশেষ করে ঢাকা থেকে মাদারীপুরের শিবচরগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে ও বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় সরেজমিনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা যায়।
দেখা গেছে, দক্ষিণাঞ্চলমুখী লেনে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ব্যাপক চাপ রয়েছে। প্রায় সব যানবাহনেই অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। লোকাল পরিবহনগুলোতেও স্বাভাবিকের তুলনায় বেশি ভিড় লক্ষ্য করা গেছে।
যাত্রীদের অভিযোগ, ঢাকার যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে শিবচরের পাঁচ্চর পর্যন্ত যেখানে স্বাভাবিক ভাড়া ১৭০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের কাছ থেকে ২৫০ থেকে ৩০০ টাকা এবং আসনে বসা যাত্রীদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
ঢাকা থেকে আসা যাত্রী আলমগীর হোসেন জানান, পরিবারের সদস্যদের নিয়ে গুলিস্তান থেকে বাসে ওঠার সময় দাঁড়িয়ে গেলে ৩০০ টাকা এবং বসে গেলে ৫০০ টাকা ভাড়া দাবি করা হয়। পরে দরকষাকষি করে তিনি ৪০০ টাকায় যাত্রা করেন।
আরেক যাত্রী বাবুল মিয়া বলেন, প্রতি বছরই ঈদের সময় বাড়তি ভাড়া দিতে হয়। এবারও ১৫০ থেকে ২০০ টাকা বেশি দিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ঈদের আগে যাত্রীচাপ বেশি থাকলেও ফেরার পথে অনেক সময় গাড়ি খালি যেতে হয়। এ কারণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে তারা জানান।
এদিকে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রায় ২৯ হাজারের বেশি যানবাহন সেতু পারাপার করেছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৭৭ লাখ টাকার বেশি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ঈদকে ঘিরে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: