[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

বগুড়ার শেরপুরে চলন্ত মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ১১:৪৫ এএম

সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে এবং আরও নয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে রয়েছেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে কয়েকজন শিশু ও নারীসহ মোট নয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।


স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া মাইক্রোবাসটি ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ভেতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। আগুনের তীব্রতায় যাত্রীদের বের হয়ে আসা কঠিন হয়ে পড়ে।


ঘটনাস্থলেই চালক রিন্টুর মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।


আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত যানটি উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর