সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যার পর উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে গিয়ে নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রাথমিক আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন।
নিহতের মা ফাতেমা বেগম ও স্ত্রী জোছনা বেগম দ্রুত লাশ দেশে আনার দাবি জানান।
তাদের প্রতি সহানুভূতি জানিয়ে মন্ত্রী বলেন, ফ্লাইট সূচি নিশ্চিত হলেই মরদেহ দেশে পৌঁছানো হবে।
মন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে দীর্ঘমেয়াদি সহায়তার আওতায় আনা হবে। নিহতের সন্তানদের পড়াশোনার জন্য নিয়মিত ভাতার ব্যবস্থা করা হবে এবং পরিবারটিকে সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া স্থায়ীভাবে বসবাসের জন্য একটি নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।
প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকা এড়িয়ে চলা উচিত এবং সংশ্লিষ্ট দেশের আইন-কানুন মেনে চলতে হবে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলা সংক্রান্ত ছবি বা ভিডিও শেয়ার না করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, জেলা প্রশাসক আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় কটিয়াদীর বাসিন্দা বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এসআর
মন্তব্য করুন: