ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাসিরনগরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সন্দেহ ও বিরোধের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে এক পক্ষের সদস্যকে মারধর ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এতে করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে।
মঙ্গলবার সকালে এক পক্ষ অপর পক্ষের বাড়িতে হামলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যা কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে। একপর্যায়ে পুরো এলাকা সংঘর্ষমুখর হয়ে ওঠে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
এসআর
মন্তব্য করুন: