পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন
এ ঘটনায় তাদের অপর এক সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদের সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩২) এবং তাদের চার মাস বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ আল হুজাইফা।
শরিফুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকার বাসিন্দা এবং পাটগ্রামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে মোটরসাইকেলে করে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন শরিফুল ইসলাম। সকাল সাড়ে ৬টার দিকে মির্জারকোট এলাকায় পৌঁছালে বুড়িমারী স্থলবন্দরমুখী একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলাম ও তার শিশু সন্তানকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় তাদের আরেক সন্তান শোয়াইব হোসেন (১০) গুরুতর আহত হয়। তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
বড়খাতা হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। তাকে শনাক্তে কাজ চলছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: