পবিত্র রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একইসঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনাও দেওয়া হয়।
সোমবার (১৬ মার্চ) নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে হবে। এমন কোনো কার্যক্রম করা উচিত নয়, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে। তিনি আরও সতর্ক করে দেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে তার পরিণতি ভালো হবে না।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও অংশ নেন।
অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এসআর
মন্তব্য করুন: