লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে মির্জারকোট মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ঈদের ছুটি উপলক্ষে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী এবং ছেলের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা মেয়েটি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: