[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর উদ্যোগে প্রতিদিন ৪০০ মানুষের সঙ্গে ইফতার ও রাতের খাবারের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১২:২২ পিএম

ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব শান্তিনগর এলাকার ওমর ফারুক (রা.) মসজিদ ইসলামিক রিসার্চ সেন্টারে রমজান মাসজুড়ে প্রতিদিন প্রায় ৪০০ মানুষের জন্য বিনামূল্যে ইফতার ও রাতের খাবারের এক মানবিক আয়োজন চলছে।

 প্রতিদিন আসরের পর থেকেই স্বেচ্ছাসেবীরা ব্যস্ত হয়ে পড়েন প্লেটে ছোলা, মুড়ি, খেজুর, শরবত, পিঁয়াজু ও বেগুনি সাজাতে, যেখানে রিকশাচালক, দিনমজুর, পথশিশু এবং সাধারণ শ্রমজীবীরা সারিবদ্ধভাবে বসে ইফতার করেন। ইফতারের পর পরিবেশন করা হয় রাতের খাবার, যার মেন্যুতে থাকে গরুর মাংস, মুরগি, ডিম বা মাছের মতো পুষ্টিকর পদ।

২০১৩ সাল থেকে এই মহৎ উদ্যোগটি পরিচালনা করছেন মৃত হাফিজুর রহমান ও তহমিনা বেগম দম্পতির ছেলে এবং অস্ট্রেলিয়া প্রবাসী তানজির মো. শাহীন কবির। প্রতিদিন এই আয়োজনে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয় এবং পুরো রমজান মাসে ব্যয় হয় প্রায় ১২ লাখ টাকা, যার সম্পূর্ণটাই বহন করছেন শাহীন কবির। ১৫ জন স্বেচ্ছাসেবী এবং ৬ জন বাবুর্চি প্রতিদিন এই বিশাল কর্মযজ্ঞে শ্রম দেন।

ইফতার করতে আসা অভাবী মানুষ ও শিক্ষার্থীরা জানান, এমন আয়োজনের ফলে তাদের ইফতার বা খাবারের দুশ্চিন্তা করতে হয় না এবং সবাই মিলে একসঙ্গে খাওয়ার মধ্যে তারা এক ধরণের প্রশান্তি খুঁজে পান।

মসজিদ কমিটির মিডিয়া সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ জানান, এই আয়োজন সবার জন্য উন্মুক্ত এবং খাবারের পাশাপাশি এখানে হিফজুল কোরআন প্রতিযোগিতাসহ ধর্মীয় প্রশিক্ষণেরও ব্যবস্থা রাখা হয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী তানজির মো. শাহীন কবির এক ভিডিও বার্তায় জানান, মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দুস্থ ও পথচারী রোজাদারদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই সেবা দিয়ে যাচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর