দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, টানা ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর একটি নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
এজন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ একরামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ নানা ধরনের নির্যাতন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছে। রাজনৈতিক কারণে অনেকেই নিজ এলাকাতেও নিরাপদে থাকতে পারেননি।
মামলা-হামলা ও নানা ধরনের হয়রানি সত্ত্বেও সাধারণ মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, মহান আল্লাহর রহমত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে জনগণের সমর্থন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং পরে মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন।
এজন্য তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্ত্রী বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া অবশ্যই বড় বিষয়। তবে এর আসল কৃতিত্ব জনগণের।
তিনি বলেন, তার নামের সঙ্গে মন্ত্রী পদবি যুক্ত হলেও তিনি মনে করেন তার এলাকার মানুষ সম্মান ও মর্যাদার দিক থেকে মন্ত্রীর সমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মোল্লা, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসআর
মন্তব্য করুন: