পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
টানা ১১ দিনের এই বিরতিতে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ও সরকারি দপ্তরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, ঈদকে সামনে রেখে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ১১ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বিজিবি, পুলিশ ইমিগ্রেশন, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান।
সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এই ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে বন্দরের স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত আগের মতোই চলবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও কাস্টমস কার্যালয় খোলা থাকবে এবং যাত্রী পারাপারে কোনো ধরনের সমস্যা হবে না।
এসআর
মন্তব্য করুন: