[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

সীমান্তে ৫৯ বিজিবির দুই অভিযানে ভারতীয় মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৯:৪৫ পিএম

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে।

এ সময় একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযানগুলো পরিচালনা করে।


বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়।

এ সময় শিবগঞ্জ উপজেলার আড়গাড়া চকসিরামপুর গ্রামের বাসিন্দা মো. খাইরুল ইসলামের ছেলে মো. আলীম (৩২) কে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ইসক্যাপ ডিএক্স’ সিরাপসহ আটক করা হয়।

এসব সিরাপ ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।


অপরদিকে, চকপাড়া বিওপির আরেকটি টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ইসক্যাপ ডিএক্স সিরাপ এবং ৩ হাজার ১৭০ পিস নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে।

তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটক ব্যক্তিসহ জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


তিনি আরও জানান, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটকসহ প্রায় ৪ হাজার ৬০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর