[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

দৃষ্টিহীন তরুণ মাহবুবের স্বপ্ন পূরণ: জাতীয় সংসদের অধিবেশনে আমন্ত্রিত অতিথি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৮:৩১ পিএম

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টিশক্তি হারানো নারায়ণগঞ্জের সাহসী তরুণ মাহবুব আলম এবার জাতীয় সংসদের

 অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছেন। একসময় আক্ষেপ করে বলেছিলেন, দৃষ্টি না থাকলেও যদি কোনোদিন সংসদে গিয়ে জনপ্রতিনিধিদের আলোচনা শুনতে পারতেন; তার সেই লালিত স্বপ্নই এবার বাস্তবে রূপ নিচ্ছে।


​বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আন্দোলনের ত্যাগ ও সাহসের প্রতীক হিসেবে মাহবুব আলম ও তার মা হালিমা বেগমকে সংসদ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের থাকা ও খাওয়ার বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।


​এই খবর শোনার পর আবেগাপ্লুত মাহবুব জানান, রাষ্ট্র তার ত্যাগের কথা মনে রেখেছে—এই অনুভূতিই তাকে বড় শক্তি জোগাচ্ছে। তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে নয়, বরং আহত আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্যরা যেন সাধারণ মানুষের কষ্ট ও ত্যাগী মানুষের কথা সবসময় মনে রাখেন।


​জীবন বদলে গেলেও দেশের জন্য কাজ করার অদম্য ইচ্ছা এখনো হারাননি এই তরুণ। তিনি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সবশেষে তার আকুতি, যদি কখনো দৃষ্টি ফিরে পেতেন, তবে সবার আগে মায়ের মুখ আর প্রিয় দেশের লাল-সবুজ পতাকা দেখতে চাইতেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর