দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করেন।
এতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, বহুতল ভবন থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, রোপ স্লাইডিং ও র্যাপলিংয়ের মাধ্যমে উদ্ধারকৌশল, ধসে পড়া ভবনে অনুসন্ধান ও আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া দেখানো হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভিন, একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন, উপজেলা ইন্সপেক্টর রবিউল ইসলাম, হোপ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পরিচালক লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
এসআর
মন্তব্য করুন: