দিনাজপুরের বীরগঞ্জে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আহমেদ শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মণ্ডল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত একটি বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করেন।
এ সময় ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোসলেম উদ্দিন মহড়ার বিভিন্ন ধাপ সম্পর্কে উপস্থিতদের বিস্তারিত ধারণা দেন।
আগুন লাগলে কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে এবং প্রাথমিক পর্যায়ে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়েও তিনি বাস্তব প্রদর্শনের মাধ্যমে দিকনির্দেশনা প্রদান করেন।
দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সভাপতির বক্তব্যে আহসান হাবিব সরকার বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, দুর্যোগ ঘটার আগে প্রস্তুতি গ্রহণই সবচেয়ে কার্যকর ব্যবস্থা।
সচেতনতা ও আগাম প্রস্তুতি বড় ধরনের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, দুর্যোগ-পরবর্তী সহায়তার পাশাপাশি দুর্যোগের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেও গুরুত্ব দিতে হবে।
পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে যদি দুর্যোগ মোকাবেলার সক্ষমতা ও দায়িত্ববোধ তৈরি করা যায়, তবে একটি নিরাপদ ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।
এসআর
মন্তব্য করুন: