কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উলিপুর বাজার এলাকায় সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৫২ হাজার টাকা অনুদান দিয়েছেন।
বাজারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করে নিরাপত্তা ও চলাচল সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি এ অনুদান প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মাহামুদুল হাসানসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।
জানা গেছে, সংসদ সদস্যের দেওয়া এই অর্থ দিয়ে উলিপুর বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে।
এতে রাতের সময় বাজার এলাকায় আলোর ব্যবস্থা বাড়বে এবং ব্যবসায়ী ও পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দ্রুত সময়ের মধ্যেই ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শুরু করে এক সপ্তাহের মধ্যে তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুর বাজারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছিল। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন হলে রাতের সময় নিরাপত্তা বাড়বে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
তাদের মতে, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় পর্যাপ্ত আলোর ঘাটতি ছিল। নতুন ল্যাম্পপোস্ট স্থাপন হলে রাতের বেলায় চলাচল সহজ হওয়ার পাশাপাশি নিরাপত্তাও জোরদার হবে।
এসআর
মন্তব্য করুন: