[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

এবার এনসিপির আহ্বায়কসহ ৮৭ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১১:১৬ এএম

সংগৃহীত ছবি

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কসহ উপজেলা কমিটির সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) জরুরি এক সভায় ৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেন।

উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা জানান, তারা ইতোমধ্যে তাদের পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে লিখিতভাবে জমা দিয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করেই মূলত এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


পদত্যাগকারী নেতাদের ভাষ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের আদর্শ ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তারা এনসিপিতে যুক্ত হয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের পর দলটি তার মৌলিক আদর্শ থেকে সরে যাচ্ছে বলে তাদের মনে হয়েছে।


উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, চলতি বছরের ১০ জানুয়ারি ৮৭ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থানের সঙ্গে তাদের আদর্শগত মিল না থাকায় তারা সাংগঠনিক কার্যক্রমে আর সম্পৃক্ত থাকতে চান না।


এ বিষয়ে এনসিপির রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জুরাছড়ি উপজেলা কমিটির গণপদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে দলের দক্ষিণাঞ্চলীয় সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে বিষয়টি জেনেছেন।


তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পদত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া জোটের কারণে যদি কেউ পদত্যাগ করতে চান, তাহলে তা নির্বাচনের আগেই করা উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

 

নির্বাচনের পর এই সিদ্ধান্ত নেওয়ায় এর পেছনে অন্য কোনো রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।


তবে এ ধরনের অভিযোগ নাকচ করেছেন উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা। তার দাবি, কোনো রাজনৈতিক চাপ নয়, বরং আদর্শগত অমিলের কারণেই তারা স্বেচ্ছায় দলীয় সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন।


স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণপদত্যাগের ফলে পার্বত্য অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর