কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা।
শনিবার (৭ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ মার্চ) দুপুরে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম শিংঝাড় এলাকায় শিংঝাড় বিওপির একটি টহলদল এবং নাগেশ্বরী উপজেলার খড়েরমাঠ এলাকায় রামখানা বিওপির আরেকটি টহলদল অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, টহলদল সীমান্তের দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে মালামাল নিয়ে যেতে দেখলে তাদের ধাওয়া করে। এ সময় তারা বহন করা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০টি স্বর্ণকাতান শাড়ি এবং ৪৮টি প্যান্ট জব্দ করা হয়।
লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, উদ্ধার করা জিরার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। স্বর্ণকাতান শাড়িগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা এবং প্যান্টগুলোর মূল্য প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মোট মূল্য প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে স্পর্শকাতর সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসআর
মন্তব্য করুন: